
আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি সমাধানের পর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বৃহস্পতিবার বিকেল থেকেই গ্যাস সরবরাহ শুরু করবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, এফএসআরইউ থেকে গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে পাইপলাইনের গ্যাসের চাপ (প্রেসার) বাড়বে এবং বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “স্বাভাবিক হতে অন্তত দুই-তিন দিন লাগবে। এফএসআরইউ বন্ধ হওয়ার আগে যেমন পরিস্থিতি ছিল, তেমন অবস্থায় ফিরে যাবে।”
বিদ্যুৎ বিল নিয়ে কোনো গ্রাহকের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
এদিকে ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি একটি নিয়মিত (রুটিন) বৈঠক ছিল। তিনি বলেন, “ভারত আমাদের প্রতিবেশী দেশ। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”